পুরান ঢাকার ধূপখোলা মাঠের একাংশে খেলাধুলা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানেই মার্কেট নির্মাণের জন্য রাতের অন্ধকারে খোঁড়াখুঁড়ি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, সিটি করপোরেশনের মেয়র আশ্বাস দিলেও তাদের না জানিয়েই মাঠে খোঁড়াখুঁড়ি শুরু করা হয়েছে।
রবিবার দিবাগত গভীর রাতে সিটি করপোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করে। সোমবার সকালে ঘটনা জানার পর ক্ষোভ জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারাও প্রতিবাদ জানিয়েছেন। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘অদক্ষতাকে’ দায়ী করেছেন তারা। অপর দিকে কাজ থামাতে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার বলেন, গত ১৭ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মার্কেট নির্মাণের আশঙ্কায় দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সিটি মেয়রের সঙ্গে দেখা করলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কোনো স্থাপনা নির্মাণ না করার আশ্বাস দেওয়া হয়। সে সময় খেলার মাঠ থেকে খুঁটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু রবিবার গভীর রাতে আবার পুরো মাঠ ঘিরে রাখা হয়। মাঠের গোলপোস্ট ও সীমানাপ্রাচীরগুলো নিয়ে গেছে তারা।
গৌতম কুমার বলেন, সিটি করপোরেশন ধূপখোলায় তিনটির পরিবর্তে একটি মাঠ নির্মাণ করতে চাইছে। এতে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ থাকবে না। আমাদের স্বকীয়তা হারিয়ে যাবে। আমাদের খেলাধুলা বাধাগ্রস্ত হবে। সামনে আমাদের অনেকগুলো টুর্নামেন্টের জন্য প্রশিক্ষণ শুরু করার কথা ছিল এই মাঠেই। আমরা তাদের বলেছিলাম, যত দিন পর্যন্ত আমাদের নতুন ক্যাম্পাসে যাওয়া হচ্ছে না, তত দিন যেন আমাদের অংশে কাজ না করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নিজস্ব কোনো মাঠ না থাকায় ধূপখোলা খেলার মাঠটি তিন ভাগ করে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহার করার জন্য মৌখিকভাবে অনুমতি দেন। তখন থেকেই প্রতিষ্ঠানটি খেলার মাঠ হিসেবে ধূপখোলা মাঠটিকে ব্যবহার করছে। এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মূলত মাঠ তিনটি অংশে বিভক্ত, যার অর্ধেক অংশ ইস্ট অ্যান্ড ক্লাবের নিয়ন্ত্রণে এবং বাকি অংশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে। সিটি করপোরেশনের অংশে বাইরে থেকে মাটি এনে রাখা হয়েছে। চলছে স্থাপনা নির্মাণের কাজ। ক্লাবের মাঠ উন্নয়নকাজ চলছে। আর বিশ্ববিদ্যালয়ের মাঠে খনন শুরু হয়েছে।
তবে স্থাপনা নির্মাণকাজে সংশ্লিষ্ট কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। পরে প্রকল্পের পরিচালক আবুল হাশেমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন রেখে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। রাষ্ট্রপতির মৌখিক অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো কাগজপত্র না থাকায় সিটি করপোরেশন তা গুরুত্ব দেয়নি। এখন আইনি প্রক্রিয়ায় গিয়ে কাজ থামানো যায় কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
