নেপালে অবশেষে ব্যাটিংয়ের সুযোগ পেলেন তামিম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৫ পিএম

চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। তবে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি তামিম। তৃতীয় ম্যাচে এসে অবশেষে ব্যাট হাতে নামলেন এই বাঁহাতি ওপেনার।

বুধবার বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছিল তামিমদের ভৈরহাওয়া। লো-স্কোরিং ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন তামিমরা।

দলের ৬ উইকেটের জয়ে তামিম অবশ্য খুব বেশ বড় ইনিংস খেলতে পারেননি। ১৩ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন ১২ রান। তবে অনেকদির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ব্যাটিংয়ের খবরটাই স্বস্তি নিয়ে এসেছে দেশের ক্রিকেট ভক্তদের মনে।

প্রতিপক্ষের দেওয়া ৯০ রানের লক্ষ্য তামিমরা ১৫.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায়। ২ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তামিমরা। বৃহস্পতিবার ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামবে তামিমদের দল।

এর আগে রবিবার ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন তামিম। তবে প্রতিপক্ষ আগে ব্যাটিং বেছে নিয়েছিল। কিন্তু পোখরা রাইনোজের ইনিংসের মাঝ পথে বৃষ্টি বাগড়া দিলে ম্যাচ পণ্ড হয়ে যায়।

পরের দিন চিতওয়ান টাইগার্সের বিপক্ষে খেলা থাকলেও বৃষ্টির কারণে টসই হতে পারেনি। তাই দলের প্রথম দুই ম্যাচে ব্যাটিং করা হয়নি তামিমের।

বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে এই আসরে খেলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। পরে নিজেকে সরিয়ে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত