প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৫ এএম

দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১১ অক্টোবর ষষ্ঠীপূজা দিয়ে শুরু হয়ে তা চলবে ১৫ অক্টোবর দশমির দিন পর্যন্ত। এ উপলক্ষে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। ইতিমধ্যে মূর্তি নির্মাণ শেষ হয়েছে। এখন শুধু রং-তুলির আঁচড়ে দুর্গতিনাশিনীর রূপ ফুটিয়ে তোলার অপেক্ষা। সব মিলিয়ে প্রতিমাশিল্পীদের এখন দম ফেলার সময় নেই। প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝিনাইদহ : রাত-দিন পরিশ্রম করে নিপুণ হাতে মূর্তি গড়ার কাজ করছেন শিল্পীরা। নির্ধারিত সময়ের আগেই প্রতিমা বুঝিয়ে দিতে চেষ্টা করছেন তারা।

শহরের চাকলাপাড়া, হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শিল্পীদের নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরির কাজ। দুর্গোৎসব ঘনিয়ে আসায় ঝিনাইদহে যেন দম ফেলার ফুরস ত নেই কারিগরদের। লকডাউন শিথিল হওয়ায় এবার কাজের চাপ বেশি।

নীল কমল পাল নামের এক শিল্পী বলেন, ‘সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করছি। করোনার কারণে গত বছর প্রতিমা কম তৈরি করেছিলাম। কিন্তু এ বছর বেশি বানাচ্ছি।’

অরবিন্দ পাল বলেন, এবার প্রতিমা তৈরির সব মালামালের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। খরচ এবার একটু বেশি হয়ে যাচ্ছে।

ঝিনাইদহ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ পাল বলেন, এবার জেলার ৬ উপজেলায় ৪৩২টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

কল্পনা রানীর প্রতিবন্ধকতা জয়

দুপচাঁচিয়া (বগুড়া) : দুপচাঁচিয়ায় কল্পনা রানী ঘোষ (২৫) প্রতিমাশিল্পী হিসেবে জয় করেছেন নিজের প্রতিবন্ধকতাকে। তিনি কথা বলতে পারেন না। জন্মের পর থেকেই তার এ প্রতিবন্ধকতা। কল্পনার বাবার নাম শ্যামল ঘোষ। উপজেলার কালীবাড়ি মহাশ্মশান এলাকার বাসিন্দা তিনি।

প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কল্পনার ভাগ্যে না জুটলেও এলাকার নামকরা মৃৎশিল্পী মামা প্রদীপ চন্দ্র সরকারের কাছ থেকে শিখে আজ তিনিও প্রতিমাশিল্পী। কথা বলতে না পারলেও অপ্রাতিষ্ঠানিক ইশারা ভাষায় ভাব লেনদেন করেন কল্পনা।

মামা প্রদীপ সরকার বলেন, ‘আমি যখন মৃৎশিল্পীর কাজ করতাম, তখন আমার কাছে বসে থেকে সে মাটি দিয়ে পুতুল বানাত। এভাবেই সে প্রতিমা তৈরির কাজ শিখেছে। প্রতি পূজায় কল্পনা নিজেই দু-তিনটি প্রতিমা তৈরি করে।’

আনোয়ারা (চট্টগ্রাম) : প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিল্পীরা। এবার আনোয়ারায় ১১৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উপজেলা পূজা কমিটি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বেশিরভাগ মন্ডপে প্রতিমার কাঠামো মাটির কাজ প্রায় শেষ। শুরু হয়েছে রং-তুলি ও সাজসজ্জার কাজ। উপজেলার স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা এখানে এসে রং-তুলির কাজ করছেন।

প্রতিমাশিল্পী উৎপল রায় বলেন, প্রতিমা তৈরিতে এঁটেল ও বেলে মাটি ছাড়াও বাঁশ-খড়, দড়ি, লোহা, ধানের কুড়া, পাট, কাঠ, রং, বিভিন্ন রঙের সিট ও শাড়ি-কাপড়ের প্রয়োজন হয়। প্রতি বছর এ সময়ে ব্যস্ততা বেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত