হালুয়াঘাটে ট্রলি উল্টে স্থলবন্দরের দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দরে ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

নিহতরা হলেন- উপজেলার স্বদেশি ইউনিয়নের গাজীপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে হাবিবুর রহমান হবি (৩৫) ও একই এলাকার ওহেদ আলীর ছেলে হারুন আলী (৬৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া স্থলবন্দরের ৮-১০ জন শ্রমিক একটি ট্রলিযোগে একটি ঢালাই মেশিনসহ কাজে যোগদানের জন্য রওনা হন। পথে নড়াইল ইটাখলা নামক স্থানে ট্রলিটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত সাত শ্রমিককে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত