আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র আসলে ‘হেরেছে’: শীর্ষ মার্কিন জেনারেল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:১০ পিএম

শীর্ষ মার্কিন জেনারেল বুধবার এক কড়া বক্তব্যে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে মূলত ‘হেরেছে’।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি নামের এই শীর্ষ মার্কিন জেনারেল বলেন, ‘এটা স্পষ্ট, আমাদের সবার কাছেই স্পষ্ট যে, আফগানিস্তানের যুদ্ধ আমরা যে শর্তে চেয়েছিলাম তার ভিত্তিতে শেষ হয়নি’। মার্কিন সংসদের হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে তিনি এই কথা বলেন।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং রাজধানী কাবুল থেকে বিশৃঙ্খল উদ্ধার অভিযান বিষয়ে মিলি ওই কমিটিকে বলেন, ‘আফগান যুদ্ধ একটি কৌশলগত ব্যর্থতা ছিল’।

মিলি বলেন ‘আমরা শুধু ২০ দিন বা ২০ মাসে হারিনি বরং ২০ বছর ধরেই হেরে আসছিলাম’।

আফগানিস্তানে ২০ বছরের মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই জেনারেল বলেন, ’২০ বছর ধরে কৌশলগতভাবে অনেক ভুল সিদ্ধান্তের সমষ্টিগত ফলাফল ছিল এই হার। এই হারের পেছনে অনেক কারণ আছে’।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আক্রমণের পরপরই তোরা বোরা পাহাড়ের গুহায় আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরার বা হত্যা করার একটি সুযোগ হাতছাড়া করা সহ মার্কিন পরাজয়ের জন্য দায়ী বেশ কয়েকটি কারণের তালিকা করেছেন মিলি।

তিনি ২০০৩ সালে ইরাক আক্রমণের সিদ্ধান্তকেও একটি ভুল হিসেবে উল্লেখ করেন। যে কারণে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যদের সরিয়ে নিতে হয়েছিল। তিনি আরও বলেন, তালেবান অভয়ারণ্য হিসেবে পাকিস্তানের সঙ্গে কার্যকরভাবে আচরণ করা হয়নি। এবং কয়েক বছর আগে আফগানিস্তান থেকে উপদেষ্টাদের প্রত্যাহার করাও ভুল ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত