বগুড়ায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৪:০৯ পিএম

ঢাকার সিনেমা দর্শকদের মাঝে স্টার সিনেপ্লেক্স মানেই আভিজাত্যের প্রতীক। দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান ‘স্টার সিনেপ্লেক্স’-এর চারটি শাখা চলমান রয়েছে। এরই মধ্যে আরেকটি সুখবর দিল প্রতিষ্ঠানটি। ঢাকার বাইরে প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছে নতুন শাখা। এটি হতে যাচ্ছে উত্তরবঙ্গের জেলা বগুড়ায়। ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্স এটিই প্রথম শাখা। যেখানে এক সঙ্গে একাধিক থিয়েটারে দেশি বিদেশি চলচ্চিত্র দেখা সম্ভব হবে। বগুড়ার পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটি চালু হবে। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বগুড়ার নবাব বাড়ি রোডের সাতমাথা মোড়ে অবস্থিত পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটির নতুন শাখা চালু হবে। এ বিষয়ে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

আগামী ৩ অক্টোবর রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁও হোটেলে এ বিষয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠান হবে, সেখানে সিনেপ্লেক্সের নতুন শাখার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে ৬ টি থিয়েটার নিয়ে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। এরপর ধানমন্ডির সীমান্ত সম্ভারে তিনটি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাওয়ারে তিনটি থিয়েটার নিয়ে চালু করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।  মিরপুর সনি মোরে, সনি স্কয়ারে তিনটি থিয়েটার নিয়ে যাত্রা শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। বগুড়া দিয়ে দেশের এ সিনে থিয়েটারটি তাদের পঞ্চম শাখা চালু করতে যাচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বারে এই চেইন সিনেমা হল যাত্রায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত