বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে স্কুল যাওয়া-আসার পথে শ্লীলতাহানির উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির দায়ে ব্যাটারিচালিত এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম স্কুলে আদালত বসিয়ে ওই চালককে এই দণ্ড দেন।
পুলিশ দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।
দণ্ড পাওয়া আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক চালক আব্দুল কাদের সবার উপস্থিতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছে। দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলেন, আমরা মেয়েরা যারা স্কুলে পড়ি তাদের রিকশা অথবা ইজিবাইকে চড়ে প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করতে হয়। কিছু চালক আছেন যারা মেয়েদের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গিসহ নানা কটূক্তিমূলক কথাবার্তা বলে থাকেন।
এই চালক কয়েক দিন ধরে আমাকে স্কুলে আসা যাওয়ার পথে ফলো করে আসছিল। এর মধ্যে দুই দিন তিনি আমাকে তার ইজিবাইকে উঠতে বললে আমি তাতে না ওঠায় তিনি আমাকে অশ্লীল অঙ্গভঙ্গি ও উত্ত্যক্ত করেন।
আমি বিষয়টি পরিবারকে জানালে পরিবার আমাকে ওই চালককে শনাক্ত করতে উৎসাহ দেয়। আমি পরিবারের উৎসাহের জায়গা থেকে ওই চালককে শনাক্ত করি। তার শান্তি হওয়ায় আমি দারুণ খুশি। আমি চাইছিলাম ওই লোকটি আমার সঙ্গে যে আচরণ করেছে তা যেন আমার স্কুলে পড়া অন্য সহপাঠী বা শিক্ষার্থীদের বেলায় না ঘটে।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল বলেন, শিক্ষার্থীর পরিবার স্থানীয় কয়েকজনের সহযোগিতা নিয়ে ইজিবাইক চালককে ধরে স্কুলে নিয়ে যায়। পরে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের হাতে তুলে দেয়া হয়।
