রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১২:২০ পিএম

চট্টগ্রাম কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম-কাপ্তাইয়ে সড়কের চন্দ্রঘোনা লিচুবাগানের অদূরে সোমবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। লেকের মাছ কেনার উদ্দেশ্যে অটোরিকশাযোগে কাপ্তাই যাচ্ছিলেন তারা।

নিহতের নাম রতন দাশ (৬৫) । তিনি চন্দ্রঘোনা শ্যামাপাড়া গ্রামের মৃত সুধীর দাশের ছেলে।

আহতদের মধ্যে নিহতের ছোট ভাই টুন্টু দাশকে (৫৫) গুরুতর অবস্থায় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত আব্দুল গফুর (৬৭) নামের অপর একজনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্য দুজনকে স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা দেয়া হয়েছে। 

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার এসআই মাহমুদুল করিম জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুষড়ে গেছে। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত