ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৩:৩৬ পিএম

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বড় পরীক্ষার সামনে বাংলাদেশ। অস্কার ব্রুজোনোর প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তি ভারত।

এমন কঠিন পরীক্ষায় সোমবার সুনীল ছেত্রীদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। কোচ ব্রুজোন একাদশে ফিরিয়েছেন স্ট্রাইকার সাদ উদ্দীন ও মিডফিল্ডার মতিন মিয়াকে। স্ট্রাইকার ‍সুমন রেজা ও মিডফিল্ডার জুয়েল রানার পরিবর্তে এই দুই অভিজ্ঞ তারকাকে নিয়ে একাদশ সাজিয়েছেন তিনি।

image

মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের চলতি আসরে বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ আর ভারতের প্রথম। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়ে আসরের শুভ সূচনা করে লাল-সবুজরা। সেই ম্যাচে একাদশে ছিলেন রেজা ও রানা।

তবে প্রতিপক্ষ ভারত হওয়াতে সাদ ও মতিনকে একাদশে নামাচ্ছেন কোচ ব্রুজোন। ২০১৯ সালের অক্টোবরে সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে হেডে দারুণ গোল করেছিলেন সাদ। সেই ম্যাচটি প্রায় জিতে নিয়েছিল লাল-সবুজরা। তবে শেষ মুহূর্তের গোলে সমতায় ফেরে ভারত। সাদ খেললেও সেই ম্যাচে খেলেননি মতিন

বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়, মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়ামে।

বাংলাদেশ একাদশ: ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, মোহাম্মদ মতিন মিয়া, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তারিক রহমান কাজী, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও মোহাম্মদ সাদ উদ্দীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত