ঝালকাঠিতে জেলা বিএনপির দুটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বিশ পঁচিশ জনের একটি দল প্রায় ১৫টি মোটরসাইকেল যোগে জয়বাংলা স্লোগান দিয়ে পরপর দুটি অফিসে হামলা ও ভাঙচুর করেছে বলে দাবি করেছে বিএনপি নেতারা।
বিএনপির একাংশের নেতা আনিসুর রহমান তাপু বলেন, সন্ধ্যা সাত টারদিকে দিকে শহরের আমতলা সড়কের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা।
জেলা বিএনপির সদস্যসচিব এ্যাড. শাহদাত হোসেন বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল বহর নিয়ে একদল দুর্বৃত্ত সরকার দলীয় স্লোগান দিয়ে আমাদের দলের জেলা কার্যালয়ে এসে চেয়ার, টেবিল, দরজা ও জানালা ভেঙে তছনছ করে দিয়েছে। এরা আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর ছবি ভাঙচুর করেছে।
বিষয়টি উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবিও জানান তারা।
এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যে জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার বলেন, ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয় কোথায় তা আমরা জানি-ই না। আর এ ঘটনা সম্পর্কে আ. লীগ বা আমাদের কোনো সংগঠন জড়িত নয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, শহরের দুটি স্থানে বিএনপির দুটি কার্যালয়ে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
