টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ওমানে অবস্থান করছে।
রবিবার রাতে ঢাকা ছেড়ে যাওয়া বাংলাদেশ দল ওমানে পৌঁছানোর পর সোমবার কোয়ারেন্টাইনে রয়েছে। মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা থেকে মাস্কটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
রবিবার রাত সোয়া ১টার দিকে ওমানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিল টাইগাররা। স্থানীয় সময় ভোর ৪ টার দিকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে টাইগারদের বহনকারী বিমানটি।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে ১৭ অক্টোবর। তবে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে একটু আগেভাগেই ওমান গেছে।
প্রথম পর্বে বাংলাদেশের সবগুলা ম্যাচই হবে ওমানে। ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।
