ডুবোজাহাজ থেকে নতুন ধরনের ক্রুজ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সোমবারের ওই অস্ত্র পরীক্ষাকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অজেয়’ বলে উল্লেখ করেন। খবর এএফপির।
সাম্প্রতিক বছরগুলোতে চালানো অস্ত্র সমৃদ্ধকরণের উল্লেখ করে মস্কো জানায়, ক্রমবর্ধমান উত্তেজনার এ সময়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো অস্ত্র প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকবে।
হাইপারসনিক শব্দের গতির পাঁচগুণের বেশি গতিতে ধাবমান হতে পারে এবং মিড-ফ্লাইটে এর গতিবিধি খুবই কৌশলী। তাদের চিহ্নিত করা ও আটকানো অনেক কঠিন।
রাশিয়ার সামরিক বাহিনী সোমবার জানায়, তারা সেভেরোডভিনস্ক পারমাণবিক সাবমেরিন থেকে একটি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আর্কটিকের বারেন্টস সাগরে একটি পরীক্ষার লক্ষ্যে আঘাত হেনেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল বলে বিবেচিত হয়েছে।
মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের অগ্নিশিখা দেখাতে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে রাতের আকাশ আলোকিত হতে দেখা গেছে।
কিছুদিন আগে পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্র একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হয়েছে। মাসখানেক আগে একই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া।
