নাটক-সিনেমার মেধাবী অভিনেতা আহমেদ রুবেলের জন্মদিন মঙ্গলবার। এদিন তার নতুন ছবির খবর দিলেন নির্মাতা প্রসুন রহমান। এসেছে প্রাথমিক পোস্টারও।
‘প্রিয় সত্যজিৎ’ নামের ওই ছবির প্রধান চরিত্রে থাকছেন এ অভিনেতা। বিশ্ববিখ্যাত ভারতীয় নির্মাতার জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি হিসেবে তৈরি হবে চলচ্চিত্রটি।
প্রসুন ফেইসবুক এ ঘোষণা দেন। তবে রুবেলর সঙ্গে আর কারা থাকছেন বা ছবির গল্প জানাননি তিনি।
নির্মাতা লেখেন, ‘শুভ জন্মদিন রুবেল ভাই। নতুন প্রকল্পের কথা জানানোর জন্য জন্মদিনের চেয়ে শুভক্ষণ আর কী হতে পারে। এ বছর আমরা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদ্যাপন করছি। নেটফ্লিক্স তাদের ট্রিবিউট জানিয়েছে ‘রে’ সিরিজ নির্মাণ করে। জানা গেছে, সত্যজিতের নিজের শহর কোলকাতা থেকে নির্মিত হচ্ছে আরও দুটি চলচ্চিত্র।’
এরপর লেখেন, “প্রিয় সত্যজিৎ’ নামে আমরা একটি ট্রিবিউট ফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেখানে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের দ্বারা অনুপ্রাণিত একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন- আহমেদ রুবেল। যা হবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি।”
আহমেদ রুবেলকে সর্বশেষ দেখা গেছে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত অনুদানের ছবি ‘অলাত চক্র’-এ। হাবিবুর রহমান পরিচালনায় আরও ছিলেন জয়া আহসান। রুবেল বর্তমানে আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন।
