অবশেষে ৩৫ ঘণ্টা আটক রাখার পরে গ্রেপ্তার দেখানো হলো ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শান্তিভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে সীতাপুর থানা।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, প্রিয়াঙ্কাসহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের মধ্যে কংগ্রেস নেতা দীপেন্দর হুডা, অজয় কুমার লাল্লুও রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো না হলেও পুলিশ সূত্রে জানা গেছে, শিগগিরই তাদের আদালতে তোলা হবে।
বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রার গাড়িবহরে থাকা লোকজনের সঙ্গে সংঘর্ষে কৃষকসহ আটজনের মৃত্যুর পরে রবিবার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। কিন্তু পথে সীতাপুরে তার গাড়িবহর আটকে দেয় পুলিশ।
এ সময় প্রিয়াঙ্কাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করে কংগ্রেস। তার হাতে হাতকড়াও পরানো হয়।
