‘ভুল বোঝাবুঝি’র অভিযোগকে ধর্ষণ বলে সংবাদ প্রচার, তরুণীর ক্ষোভ

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৯:০২ পিএম

কুমিল্লার মুরাদনগরে অসহায় এক তরুণীকে ধর্ষণের মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার কুমিল্লা প্রেসক্লাবে ভুক্তভোগী ওই তরুণী তার বিরুদ্ধে প্রকাশ হওয়া ধর্ষণের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে স্বজনদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন।

এ সময় মিথ্যে সংবাদ প্রচারের প্রতিকার না পেলে জড়িতদের বিরুদ্ধে মামলা করার হুমকিও প্রদান করেন তিনি।

প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ওই তরুণী বলেন, আমি জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা। সোমবার আমাকে জড়িয়ে বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘মুরাদনগর থানায় ধর্ষণের মামলা ৮০ হাজার টাকায় রফাদফা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বাস্তবে মুরাদনগর থানায় এ ধরনের কোনো টাকা পয়সা লেনদেন এবং রফাদফার ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, প্রবাসী মামাতো ভাইয়ের সঙ্গে আমার মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল। দেশে এসে সে আমাকে বিয়ে করার জন্য আশ্বাস প্রদান করেছিল। কিন্তু আমাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করায় আমি ক্ষুব্ধ হয়ে থানায় একটি অভিযোগ করেছিলাম। পরে পারিবারিক উদ্যোগে সেটি মীমাংসায় সন্তুষ্ট হয়ে আমি বাদী বিবাদীদের নিয়ে থানায় গিয়ে অভিযোগটি প্রত্যাহার করে নেই।

 ওই তরুণী বলেন, আমার অভিযোগে ধর্ষণের কোনো কথা উল্লেখ নেই। কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আমাকে ধর্ষণ করা হয়েছে বলে যে অভিযোগ লেখা হয়েছে তাতে আমার সম্মান ক্ষুণ্নই হয়নি আমার জীবন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এ সময় তিনি এই পরিস্থিতি থেকে প্রতিকার পেতে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, উপজেলার এক তরুণী তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছিল। সেটি কোনো ধর্ষণের অভিযোগ নয়। মামাতো ভাই আর ফুফাতো বোনের নিছক এক ভুল বোঝাবুঝির অভিযোগ। পরে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করার আগেই তারা স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা করে আমাদের জানিয়ে দিয়েছে।

গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। এসব সংবাদ প্রকাশ করে একজন তরুণীর জীবন বিপন্ন করা কোনো দায়িত্বশীল আচরণের আওতায় পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত