মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। বুধবার দেড়’শ বছরের ইতিহাসে নারায়ণগঞ্জে এবারই প্রথম কোনো পূজা মণ্ডপে আনুষ্ঠানিক ভাবে মহালয়া অনুষ্ঠিত হয়েছে।
শহরের দেওভোগ এলাকায় স্থাপিত প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণ আখড়ায় শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ বারোয়ারি পূজা মণ্ডপ কমিটি এ বছরই প্রথম মহালয়া অনুষ্ঠান আয়োজন করেন।
জানা গেছে, ভোর পাঁচটা থেকে মহালয়া অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও সুরের মূর্ছনায় আরতির করে ভক্তরা মা দুর্গাকে মর্ত্যে আহ্বান করেন। এ সময় ব্যাপক আনন্দ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সব বয়সের নারী পুরুর মহালয়া অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ উন্মেষ সাংস্কৃতিক সংসদের শিল্পীরা চণ্ডী পাঠ নৃত্য ও দেবী দুর্গার মহিষাসুর বদ পাটে অংশ নেন।
আরও জানা গেছে, হিন্দু শাস্ত্রমতে বুধবার পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্ত্যে আগমন করেন। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা।
মহালয়া অনুষ্ঠানে আগত ভক্তরা বলেন, নারায়ণগঞ্জে এ বছর প্রথম মহালয়া অনুষ্ঠান হলো। এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।
শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারি পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস জানান, প্রায় দেড়’শ বছরে ঐতিহ্যবাহী মণ্ডপে নারায়ণগঞ্জে এ বছরই প্রথম আনুষ্ঠানিকভাবে মহালয়া অনুষ্ঠান করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ভক্তদের ব্যাপক সাড়া তৈরি হয়েছে। সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসবের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।
