নির্বাচনী প্রচারে ২ চোখ হারানো মেরীকে আর্থিক সহায়তা বিএনপির

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৮:১৪ পিএম

দুই চোখ হারানো সিরাজগঞ্জ বিএনপির কর্মী মেরী বেগমকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মেরী বেগমকে সহায়তার অর্থ তুলে দেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

এ সময় উপস্থিত ছিলেন দলটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ। 

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর আসনের বিএনপির প্রার্থী রোমানা মাহমুদের নির্বাচনী প্রচারে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় মেরী বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। মেরীর জন্য আরো দুর্ভাগ্যের বিষয়, তার স্বামী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এতে আরো বলা হয়, ইতিপূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের পক্ষ থেকে মেরী বেগমের চিকিৎসার ব্যবস্থাসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত