তালেবানের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিনিধির বৈঠক

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২:০৯ এএম

আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমস গ্যাস। তার সঙ্গে ছিলেন আফগানিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন লংডেন। গত মঙ্গলবার কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আলজাজিরা।

আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং তালেবান নেতা আবদুল সালাম হানাফির সঙ্গেও বৈঠকে মিলিত হন দুই ব্রিটিশ কূটনীতিক।

গত ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ক্ষমতার পালাবদলের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হলো যুক্তরাজ্য। এতে মানবাধিকার ও নারী অধিকারের মতো বিষয়গুলো নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের দাবি, বৈঠকগুলোতে আফগান ইস্যুতে ব্রিটিশ সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দেওয়া এবং আফগানিস্তানের অভ্যন্তরে সহিংসতা বন্ধ ও নারী অধিকারের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত মার্টিন লংডেন। পোস্টে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত