তাসনিম খলিলের বিরুদ্ধে স্টকহোমে আওয়ামী লীগ নেতাদের মামলা

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৯:৪৮ পিএম

‘বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত’ থাকার অভিযোগ এনে নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিলের বিরুদ্ধে সুইডিশ পুলিশ অথরিটিতে মামলা দায়েরে করেছেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা। 

বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুইডেন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মাহফুজুর রহমান ভূইয়া, প্রকৌশলী হেদায়েতুল ইসলাম শেলী ও দালিল উদ্দিন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম জানিয়েছেন, ‘তাসনিম খলিল বাংলাদেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত। এই তথাকথিত সাংবাদিক সুইডেন বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।  তার ‘নেত্র নিউজ’ নামের অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার অব্যাহত রেখেছে। ’

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ‘একটি ঘৃণ্য চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তাসনিম খলিল এই চক্রের অন্যতম সদস্য। লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। তাদের পেছনে আছে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা। এই অপপ্রচারের জন্য তারা বিপুল পরিমাণ টাকা ঢালছে।’

নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা মামলা করেছি এই জন্য যে, এ ধরণের অপপ্রচার আর চলতে দেওয়া যায় না। আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। সুইডেনের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমরা এই দেশের আইনের দৃষ্টিতে এনেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত