বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ফ্রান্স কোচের হুংকার

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০১:৩২ পিএম

বেলজিয়ামের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে ফ্রান্স। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানো ৩-২ ব্যবধানের জয়ে নেশনস লিগের ফাইনাল নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালে শিষ্যদের অনবদ্য এই কামব্যাকের গল্প লেখায় গর্বিত ফরাসি কোচ দিদিয়ের দেশম, ‘আমরা এখনো বিশ্বের সেরা দলগুলোর একটি।’

তুরিনের অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে শেষ মুহূর্তে মিনিটে গোল করে ফ্রান্সকে নাটকীয় জয় এনে দেন থিও হার্নান্দেজ। ৯০তম মিনিটে দুর্দান্ত শটে গোলরক্ষক থিবু কোর্তোয়াকে পরাস্ত করে  বেলজিয়ামের হৃদয় ভাঙেন এসি মিলান ফুল-ব্যাক। তার আগেও অবশ্য রেড ডেভিলদের জয়ের স্বপ্ন ম্লান করে দেয় ফ্রান্স।

৩৭তম মিনিটে ইয়ানিক কারাসকোর গোলে এগিয়ে গিয়েছিল রবার্তেো মার্তিনেসের দল। এর তিন মিনিট পর কোনাকুনি শটে দুর্দান্ত গোলে বেলজিয়ামের ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু। রেড ডেভিলদের দুটি গোলেই অ্যাসিস্ট করেন কেভিন ডি ব্রুইন।

বিরতির পর অন্যরকম এক ফ্রান্সকে দেখে সবাই। ম্যাচের লাগাম টেনে নিয়ে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ৬২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাসে একটি গোল শোধ করেন করিম বেনজেমা। এর ছয় মিনিট পর পেনাল্টি পায় দেশমের দল। ৬৯তম মিনিটে স্পট-কিকে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে।

বেলজিয়ামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ জয়ের পর ফ্রান্সের কোচ বলেন, ‘ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে সুইসরা আমাদের ছিটকে দিয়েছিল। তবে ফ্রান্স এখনো টিকে আছে। আমরা তার প্রমাণ দিয়েছি ফিনল্যান্ডের বিপক্ষে। আর আজ বেলজিয়ামের বিপক্ষে। ফ্রান্স এখনো ইউরোপ ও বিশ্বের সেরা দলগুলোর মধ্যে আছে। আমরাও সেরাদের মধ্যে আছে।’

২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেন কোচ দেশম। তার অধীনে ফরাসিরা ইউরোর ফাইনাল খেলেছে। জিতেছে বিশ্বকাপ। এবার নিশ্চিত করল নেশনস লিগের ফাইনাল। বেলজিয়ামের বিপক্ষে এই ঘুরে দাঁড়ানো ম্যাচটি তার ক্যারিয়ারের সেরা জয়ের একটি।

দেশমও জানালেন সে কথা, ‘যেভাবে খেলা হয়েছে ও আমাদের প্রতিপক্ষ যতটা মানসম্পন্ন ছিল, সব মিলিয়ে এটি সেরা ম্যাচগুলোর একটি। প্রতিকূল পরিস্থিতিতে পড়েও তা বদলে দেওয়ার মানসিকতা আমাদের ছিল। অসাধারণ ও দুর্দান্ত এক মুহূর্ত।’

রবিবার মিলানের সান সিরোতে রোববার নেশনশ লিগের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত