প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন অভিমন্যু মিথুন। ঘরোয়া ক্রিকেটে ১২ মৌসুম কাটানোর পর এই সিদ্ধান্ত নিলেন ৩১ বছর বয়সী তারকা।
কর্ণাটকের এই পেসার ভারতের হয়ে চার টেস্ট খেলে নিয়েছেন ৯ উইকেট। ৩ উইকেট নিয়েছেন পাঁচ ওয়ানডেতে। ২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয় মিথুনের। পরের বছরের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় তাকে।
মিথুন ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৬.৬৩ গড়ে ৩৩৮ উইকেট নিয়েছেন। এছাড়া ৯৬টি লিস্ট ‘এ’ এবং ৭৪টি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন তিনি। দুই ফরম্যাট মিলিয়ে তার শিকার ২০৫ উইকেট।
অবসরের সিদ্ধান্তের ব্যাপারে মিথুন বলেন, ‘আমি দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছি। এটাই আমার জন্য সবচেয়ে বড় অর্জন ও ক্যারিয়ারের গর্ব।’
মিথুন জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়াও আইপিএলে ১৬ ম্যাচ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর, মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সব মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট।
