রাস্তা পারের সময় বৃদ্ধাকে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল যাত্রীরও

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৪৬ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শাকিমআলী চৌকিদারকান্দি এলাকার আবুল খালাসীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী বনাই বিবি (৯০) শরীয়তপুরের জাজিরা উপজেলার শাকিমআলী চৌকিদারকান্দি গ্রামের মৃত ছমি খালাসীর স্ত্রী এবং যাত্রী ইয়াকুব ব্যাপারী (৫৬) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালাই সরদারের কান্দি গ্রামের মহিজউদ্দিন ব্যাপারীর ছেলে।

আহত চালক আলাউদ্দিন মৃধা (২৫) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম আলিপুর গ্রামের মো. আনোয়ার হোসেন মৃধার ছেলে।

জাজিরা থানার ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ছয়টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম আলিপুর এলাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে মঙ্গলমাঝির ঘাট যাচ্ছিলেন মোটরসাইকেল চালক আলাউদ্দিন।

শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় পৌঁছালে বৃদ্ধা বনাই বিবি সড়ক পার হচ্ছিলেন। তখন মোটরসাইকেলটি বৃদ্ধাকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ বৃদ্ধা সড়কে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলের যাত্রী ইয়াকুব মারা যান। আর আহত বৃদ্ধাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন।

ঢাকা নেয়ার সময় বনাই বিবিরও মৃত্যু হয়। আর আহত আলাউদ্দিন মৃধাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত