ফেইসবুকে পোস্ট, অসহায় প্রতিবন্ধী পরিবার পেল বাড়ি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৭:২৫ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘হামার খবর কেউ রাখে না’ ক্যাপশনে একটি পোস্ট দেওয়া হয়। সেই পোস্ট দেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের দরিদ্র অসহায় প্রতিবন্ধী পরিবারকে বাড়ি উপহার দিলেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক, সমাজ সেবক শাইলা সাবরিন।

শনিবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে সেই নির্মিত বাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে ওই পরিবারের হস্তান্তর করা হয়। বাড়িটি হস্তান্তর করেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শাইলা সাবরিন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  

এ সময় শাইলা সাবরিন সমাজের বিত্তবানদের, অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের প্রতিবন্ধী কানাই রায়ের পরিবারকে নিয়ে গত ২০২০ সালে ৫ নভেম্বর ‘হামার খবর কেউ রাখে না’ ক্যাপশনে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে তা ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শাইলা সাবরিনের নজরে আসে।

সে সময় শাইলা নিজেই সেই পরিবারের সঙ্গে যোগযোগ করে তার নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেন এবং একটি বাড়ি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারটিকে তাদের নিজস্ব জমিতে একটি পাকা টিনশেডের বাড়ি নির্মাণ করে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত