বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৭:৪২ পিএম

বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার কুমিল্লা কোটবাড়ি বার্ডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, জনগণের জন্য অঙ্গীকার থাকলে বিএনপির নির্বাচনে আসা উচিত। বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তো তাদের ভালো বোঝেন। জনগণের জন্য যদি তাদের অঙ্গীকার থাকে, তাহলে বিএনপির নির্বাচনে আসা উচিত।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তাদের কাছে স্বাভাবিকভাবে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়। আমি বিশ্বাস করি, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) মো. মশিউর রহমান এনডিসি, বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত