চট্টগ্রামের সীতাকুন্ডে রবিবার সকালে ট্রাকের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা।
সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীতাকুন্ড পৌরসভার বাইপাসে মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকামুখী সড়কে একটি মিনি ট্রাক থেকে মাছ নামাচ্ছিলেন মেহেদী হাসান জনি (১৩) নামের এক শিশুসহ কয়েকজন। একই সময় চায়ের দোকানে নাশতা করবে বলে ট্রাকের পেছন দিয়ে মহাসড়ক পার হতে অপেক্ষা করছিলেন মিন্টু মিয়া ও তার ছেলে মো. সায়েম (১০)।
এ সময় ঢাকামুখী অপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দিলে সায়েম ও মেহেদী হাসান জনি ঘটনাস্থলে নিহত হয়। সায়েমের বাবা মিন্টু মিয়াসহ আরও এক ব্যক্তি আহত হন।
আহত মিন্টু মিয়াকে সীতাকুন্ডে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, নিহত শিশু মো. সায়েমদের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানায় হলেও তারা দীর্ঘদিন সীতাকুন্ডের সোবহানবাগে ভাড়া বাসায় থাকতেন।
ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মিন্টু মিয়া। অপরদিকে মেহেদী হাসান জনির বাড়ি মিরসরাই থানার জোরারগঞ্জে।
মিন্টু মিয়া হাসপাতালে থাকায় ছেলে সায়েমের লাশ মাকে ও মেহেদী হাসানের লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি বর্তমানে পুলিশের হেফাজতে থাকলেও চালক পলাতক রয়েছে।
