আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেট বোলার হিসেবে যোগ দিচ্ছেন উমরান মালিক। আইপিএলে অংশ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি।
সেখানেই উমর মালিককে থাকতে বলল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিষয়টি নিশ্চিত করেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
হায়দরাবাদের হয়ে আইপিএলে তিন ম্যাচ খেলেছেন মালিক। তুলনামূলকভাবে অনভিজ্ঞ জম্মু-কাশ্মীরের এই পেসার ধারাবাহিকভাবে বল করেছেন ১৫০ কিলোমিটারের বেশি গতিতে।
ভারতীয় পেসার টি নটরাজন করোনা আক্রান্ত হলে তার বিকল্প হিসেবে স্বল্পমেয়াদে হায়দরাবাদে যোগ দেন মালিক। তার আগে ফ্র্যাঞ্চাইজিটির নেট বোলার ছিলেন ২১ বছর বয়সী এই তরুণ।
৮ অক্টোবর এবারের আইপিএল অভিযান শেষ হয় হায়দরাবাদের। এরপরই বিশ্বকাপ মালিককে দলে নেওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানায় বিসিসিআই।
বিশ্বকাপে ভারত পড়েছে গ্রুপ-২’এ। ২৪ অক্টোবর, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টিম ইন্ডিয়া।
