শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধায় ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ আলোচনা সাপেক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বন্দর দিয়ে ১১ অক্টোবর সোমবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত (সরকারি ছুটিসহ) মোট ৬ দিন আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে দু’দেশের মধ্যে পুনরায় ব্যবসায়ী কার্যক্রম যথারীতি চলবে।
ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক জানান, আমদানি-রপ্তানি ও বাণিজ্য কার্যক্রম ৬দিন বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা অব্যাহত থাকবে।
