পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে আবারও মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ পদ্মার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি।
জানা যায়, পদ্মায় তীব্র স্রোত ও পদ্মা সেতুর সাথে বার বার ফেরির ধাক্কা ঠেকাতে এর আগে ১৮ আগস্ট ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে টানা ৪৮দিন ফেরি চলাচল বন্ধ থাকার পরে গত ৪ অক্টোবর স্রোতের তীব্রতা কমে গেলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। সে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দিনের বেলা ৫টি ফেরি দিয়ে সীমিত আকারে ছোট যানবাহন নিয়ে ফেরি চলাচল করবে।
রাতে ফেরি চলাচল বন্ধ থাকবে কিন্তু গতকাল সোমবার দুপুরে পদ্মার স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় আবারও অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শাফায়েত বলেন, স্রোতের তীব্রতা কমে গেলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। হঠাৎ ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় ঘাটে কিছু সংখ্যক ছোট যানবাহন আটক পড়েছে। আমরা তাদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছি।
