নারায়ণগঞ্জের ফতুল্লায় অবন্তি কালার টেক্সটাইল লিমিটেড নামক রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানার এক পরিচ্ছন্ন কর্মীকে ধর্ষণের অভিযোগে রুবেল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল নওগাঁ জেলার আত্রাই থানার মধুগুরনই গ্রামের বাসিন্দা এবং ওই কারখানার শ্রমিক।
সোমবার সকালে তাকে বিসিক শিল্পনগরী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদী ফতুল্লা মডেল থানার এনায়েত নগরের অবন্তি কালার টেক্সটাইল লিমিটেড নামক একটি কারখানায় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী (ক্লিনার) হিসেবে কাজ করে আসছিল। রবিবার দুপুরে বাদী কারখানাটির ৮ম তলার বাথরুমের বাইরে পরিষ্কার করার সময় রুবেল তার মুখ চেপে বাথরুমে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সে ডাক চিৎকার করলে কারখানায় কর্মরত কর্মকর্তা-শ্রমিকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষককে সোমবার সকালে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
