কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামালের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের কবির বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে মহেশখালী জেটিঘাট থেকে শেখ কামাল ও তার সমর্থকদের গাড়িবহর কুতুবজোমের কবিরবাজার এলাকায় পৌঁছলে খোকনের সমর্থকরা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মোহাম্মদ ইসহাক (৪৫), মো. ওয়াজেদ (১৩), মো. হেলাল (১০), জিকির আলমসহ (৩৪) কয়েকজন আহত হন। অ্যাডভোকেট শেখ কামাল অভিযোগ করেন, ‘আমাদের গাড়িবহর কবিরবাজার এলাকায় এলে খোকনের সমর্থকরা হামলা চালিয়ে আমাদের তিনটি গাড়ি ভাঙচুর এবং বেশ কয়েকজন সমর্থককে আহত করে।’
অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বলেন, ‘আমি এলাকার বাইরে আছি, এলাকায় খোঁজখবর নিয়েছি, এ ধরনের হামলা কেউ চালায়নি।’
মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, শোডাউনের একটা গাড়িতে হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
