উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ ৬ রোহিঙ্গা আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৯:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ নুর হোসেনসহ ৬ রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এ সময় তাদের কাছ থেকে একটি তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ ও দুই শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়। আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়। 

মঙ্গলবার ভোরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকের শেড নং-৪১ ও ৪২ এর পাশের কাঁটাতারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প -১ ইস্টের নুর হোসেন (২৭), নুর আলমের ছেলে মো ফারুক  (৩৫), ক্যাম্প-৪ (এক্সটেনশন),আব্দুল শুক্কুরের ছেলে নুর হোসেন (৪০), ক্যাম্প-৬ /১ ইস্টে মৃত হোসেন আহমেদ এর ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মো. কামাল হোসেন (৩০) (সাব মাঝি), আব্দুল গনির ছেলে জিয়াউর রহমান (৩১) ক্যাম্প-৪ (এক্সটেনশন) আমিন উল্লাহর ছেলে অপহরণ মামলার আসামি আয়াতুল্লাহ (২৮)।

মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

গ্রেফতার আসামি এবং উদ্ধার অস্ত্র ও মাদকের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত