চুক্তি বিতর্ক কাটিয়ে শ্রীলঙ্কা দলে ফিরতে চান ম্যাথুস

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১০:৪৯ পিএম

চুক্তি বিতর্ক কাটিয়ে আবারো জাতীয় দলে ফিরতে ইচ্ছুক শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। সংবাদমাধ্যম ক্রিকইনফো এই খবর দিয়েছে।

লঙ্কান বোর্ড বা ম্যাথুস নিজে অবশ্য এখনো কিছু প্রকাশ্যে বলেননি। তবে ক্রিকইনফোর দাবি, ফেরার ইচ্ছা জানিয়ে বোর্ডের কাছে মেইল করেছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।

এ বছরের শুরুতে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন ম্যাথুস। ব্যক্তিগত কারণের কথা বললেও আড়ালের কারণ ছিল ক্ষোভ।

লঙ্কান বোর্ডের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় তার পারিশ্রমিক প্রায় ৫০ হাজার ডলার কমে যাওয়া ও সিনিয়র ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি নিয়ে ম্যাথুস ক্ষুব্ধ ছিলেন বলেই খবর হয় লঙ্কান সংবাদমাধ্যমে।

এই সময়টায় ম্যাথুসের অবসরের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তার দীর্ঘদিনের সতীর্থ থিসারা পেরেরা তো অবসর নিয়েই নেন।

তবে গত কিছুদিনে আবার সিনিয়র ক্রিকেটারদের প্রতি লঙ্কান বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলের আভাস মিলেছে। বাদ পড়া দিনেশ চান্দিমালকে ফেরানো হয়েছে। শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস ও নিরোশান ডিকভেলার নিষেধাজ্ঞায় ঘটনায় লঙ্কান ব্যাটিংয়ে অভিজ্ঞতার ঘাটতিও স্পষ্ট হয়েছে সাম্প্রতিক সময়ে। সব মিলিয়েই ম্যাথুজের ফেরার পরিস্থিতি তৈরি হয়েছে।

সত্যিই ম্যাথুস ফিরলে তার প্রথম সিরিজ হতে পারে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত