মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ মুক্তি পেয়েছে ২০১৯ সালে। এর দুই বছর পর চলতি মাসে ঢাকার পাশাপাশি ভারতের দুই রাজ্যে হতে যাচ্ছে ছবিটির বিশেষ প্রদর্শনী।
পরিচালক মাসুদ পথিক নিজেই নিশ্চিত করলেন এ খবর। জানালেন, মাসের শেষ দিকে ঢাকা, আসাম ও ত্রিপুরায় ছবিটির একাধিক শো হবে।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২২ অক্টোবর প্রদর্শিত হবে ‘মায়া দ্য লস্ট মাদার’। এ ছাড়া ২৩ থেকে ২৯ অক্টোবর আসামের গুয়াহাটি ও ত্রিপুরার আগরতলার দর্শকেরা ছবিটি দেখা সুযোগ পাচ্ছেন।
মাসুদ পথিক জানান, ‘মায়া দ্য লস্ট মাদার’ এখন পর্যন্ত ১০টি জাতীয় এবং ৭টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের মুমতাজ সরকার, বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, দেবাশীষ কায়সার, লীনা ফেরদৌসী, ঝুনা চৌধুরী, আসলাম সানী, শাহাদত হোসেনসহ অনেকে। একটি দৃশ্যে দেখা দিয়েছেন সৈয়দ হাসান ইমাম।
বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘মায়া দ্য লস্ট মাদার’।
