নাটোরের লালপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখল করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে। উপজেলার কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে অভিযোগ করেন ওই ইউনিয়নের চানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মণ্ডল।
এ ব্যাপারে নাটোর আদালতে ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মণ্ডল জানান, একজন মুক্তিযোদ্ধার দলিলকৃত জমি প্রভাব খাঁটিয়ে দখল করে চেয়ারম্যান সেলিম রেজা বাড়ি তৈরি করেছে। এই জমির বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
বিষয়টি আইনের মাধ্যমে সুরাহা করার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীসহ ভূমি মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, উভয় পক্ষই তারা চাচাতো ভাই। বিষয়টি সত্য তবে উভয় পক্ষের মধ্যে সমাধান করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দরকার।
এ বিষয়ে কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, বিষয়টি ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন।
