সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নিষিদ্ধ এলাকায় মাছ-কাঁকড়া ধরার সময় পৃথক দুই স্থান থেকে ১১ জেলেকে আটক করেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগ।
সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের (স্টেশন অফিসার) এসও সুলতান আহমেদ জানান, দোবেকি বন টহল ফাঁড়ি এলাকার ভাইটব খাল থেকে অবৈধ উপায়ে ফাঁস জাল, কল জাল, খালপাটা জাল দিয়ে সুন্দরবনের প্রবেশ ও মাছ ধরায় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধ পন্থায় মাছ কাঁকড়া আহরণ করার সময় সাতজনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা খুলনার কয়রা উপজেলার বাসিন্দা জাহিদুল মোল্লা (৩৮), আজিজুল ইসলাম (২৪), কামরুল ইসলাম (৪২), কবির হোসেন (৪৫), শাজাহান সানা (৩৩), শরিফুল ইসলাম (২৮) ও এনামুল মোল্লা (২৮)।
বুধবার রাতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নিয়ে আসা হয় তাদের।
এ সময় দুটি ফাঁস জাল সংযুক্ত নৌকা, অতিরিক্ত ফাঁস জাল, কল জাল, খাল পাটা জাল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এস সুলতান আহমেদ আরও জানান, একই রকম পৃথক অভিযানে রায়মঙ্গল নদী সংযুক্ত ছায়া নদীর মুখ থেকে অবৈধ পন্থায় মাছ কাঁকড়া আহরণের সময় আরও চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আব্দুল জলিল, রাশিদুল ইসলাম, তাপস গাইন ও সোরা গ্রামের জহুর আলী। তাদের কাছ থেকেও ফাঁস জালসহ একটি নৌকা আটক করা হয়।
