প্রাইভেটকার দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গুরুতর আহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৪:১৩ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা (৩৬)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকার আমেনা স্কুল রোডে। তিনি মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে কর্মরত রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ভাস্কর সাহা পূজার ছুটিতে ব্যক্তিগত প্রাইভেটকার নিজে চালিয়ে গোপালগঞ্জে যাচ্ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারের সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সঙ্গে গাড়িটি সজোরে ধাক্কা খায়।

প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ওই পুলিশ কর্মকর্তা মাথায়, পায়ে এবং বুকে গুরুতর জখম হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকা পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত