আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। যারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে ঈর্ষাণি¦ত হয়ে সেই বিএনপি-জামায়াত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি বলেন, এর মাধ্যমে তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ সময় হানিফ বলেন, সরকার ইতিমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে।
হানিফ বলেন, আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে, যারা ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিশীল করতে চায় তাদের কঠোর হাতে দমন করা হবে।
মাহবুব উল আলম হানিফ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট দলীয় কার্যালয়ে কুষ্টিয়া পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের এ জবাবে এসব বলেন।
পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, আজকে বাংলাদেশ উন্নত বাংলাদেশের তালিকায়। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কাপ্তাই টানেল, ঢাকা মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটাইলাইট স্থাপন করে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আপনারা যার-যার এলাকায় সজাগ থাকবেন। কোনোভাবে কেউ যাতে সাম্প্রদায়িক উস্কানি দিতে না পারে সে জন্য সচেতন থাকতে হবে।
