বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের জেলার ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার প্রয়াত ওমর আলী সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৬০) ও সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মোল্লা লুৎফর রহমানের ছেলে মোল্লা আব্দুল কাদের (৬০)। তারা সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকতা করছিলেন।
বাগেরহাট হাইওয়ে পুলিশের মোল্লাহাট ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক শেখ আবুল হাসান রাতে এই প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দুই মোটরসাইকেল আরোহীর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহীরা সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষকতা করছিলেন। তাদের কাছে থাকা মোবাইলফোন থেকে পরিবারের সদস্যদের কাছে ফোন করে পরিচয় নিশ্চিত হয়েছি। তারা গোপালগঞ্জ থেকে কাজ শেষ করে
মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর পণ্যবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
