বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী জুমার নামাজের পর দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচি ডেকেছে দলটি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীকে দোয়া-মোনাজাত ও প্রার্থনায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।
এদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল এবং আগামী ১৬ অক্টোবর সব উপজেলা-থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল হবে।
বৃহস্পতিবার সংগঠনের দফতর সম্পাদক রফিকুল ইসলাম এসব তথ্য জানান। কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
