ইন্টারনেট সংযোগে সমস্যা: ট্রেনের টিকেট বিক্রি বিঘ্নিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৬:১৫ পিএম

দেশব্যাপী শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে মোবাইল ফোনের গ্রাহকরা সিমে দ্রুতগতির থ্রি জি ও ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আখাউড়া-সিলেট রেল স্টেশনেও সিমের ইন্টারনেট সংযোগে সমস্যার কারণে ট্রেনের টিকেট বিক্রি বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন টিকেট প্রত্যাশী যাত্রীরা। 

শুক্রবার সকালে আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ, শমসেরনগর ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে এ সমস্যার বিষয়টি জানা যায়।

জানা যায়, শুক্রবার দূর্গাপূজার বিজয়া দশমীর শেষ দিন থাকায় ঢাকা ও সিলেটে চাকরিরত অনেকে ভানুগাছ, শমসেরনগর ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের টিকেট কিনতে পারেননি। 

সিলেটে যাওয়ার জন্য টিকেট কিনতে আসা যাত্রী আহমেদুজ্জামান আলম দেশ রূপান্তরকে বলেন, পরিবারের সদস্যের শরীর খুব অসুস্থ। তাই উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে সিলেট যেতে হবে। কিন্তু রেলওয়ে স্টেশনে এসে দেখি ইন্টারনেট না থাকায় টিকেট পাওয়া যাচ্ছে না। আরেক টিকেট প্রত্যাশী নাজিম মিয়া বিকালে পারাবত এক্সপ্রেসে ঢাকা যাওয়ার টিকিট কাটতে ভানুগাছ রেলওয়ে স্টেশনে গেলে তিনিও ইন্টারনেটের সমস্যার কারণে সমস্যায় পড়েন।

এ বিষয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ স্টেশনে গ্রামীণফোন সিমের ইন্টারনেট সংযোগে সমস্যার বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, সকাল ৮টায় নির্ধারিত সময়ে কাউন্টার খুলে টিকেট বিক্রি শুরু করলে সাড়ে ৮টার দিকে সমস্যা শুরু হয়। রেলের গ্রামীণফোন সিমের ইন্টারনেট বিঘ্নিত হওয়ায় সার্ভারে ঢুকতে না পেরে তারা টিকেট বিক্রি করতে পারছিলেন না। ইন্টারনেট সমস্যার কারণের সকালে পারাবত এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস ও জয়েন্তিকা এক্সপ্রেস টেনের টিকেট বিক্রি না করতে পারায় অনেক যাত্রীকে ফেরত চলে যেতে হয়েছে।  

একই কারণে সকাল ৮টা থেকে টিকেট বিক্রি বন্ধ ছিল বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উদয় কোশল সিংহ ও শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত