কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে ঘিরে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত জেলার তিন থানায় ছয় মামলায় ৬৮৪ জনকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় চারটি, সদর দক্ষিণ মডেল থানায় একটি এবং দাউদকান্দি থানায় একটি মামলায় দায়ের করে।
এরমধ্যে পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
শুক্রবার সন্ধ্যা থেকে পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে জেলার সব মণ্ডপের দেবী বিসর্জন দেওয়া হয়েছে।
বুধবার সকালে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড় এলাকায় পূজামণ্ডপের ঘটনা পরবর্তী জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, শুক্রবার কেউ সহিংসতা করতে পারে এমন আশঙ্কা থাকলেও শহরের সড়কগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও কড়া নজরদারি ছিল। তাই কোনো সমস্যা হয়নি।
