করোনার বিধিনিষেধের কারণে ভারতে জেলবন্দীদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ নেই। ফলে ভিডিও কলেই শাহরুখ পুত্র আরিয়ানকেও কথা বলতে হলো পরিবারের সঙ্গে। শুক্রবার ভিডিও কলে ১০ মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ভিডিও কলে বাবা-মাকে দেখেই কেঁদে ফেলেন আরিয়ান। কেঁদেছেন শাহরুখ খান এবং গৌরিও।
গৌরি আরিয়ানের কাছে জানতে চেয়েছেন, জেলে কী কী ঘটছে, কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কি না? এসব কথা শুনেই আরিয়ান কান্না শুরু করেন। পরে তিনজনেই চোখের জলে মুখ ভাসান।
করোনার বিধিনিষেধের কারণে পরিবার বা আইনজীবীর সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম এখন।
বৃহস্পতিবারের শুনানিতেও আরিয়ানের জামিন মেলেনি। আবার শুনানি হবে আগামী ২০ অক্টোবর। সে পর্যন্ত শাহরুখ খানের ছেলেকে থাকতে হবে মুম্বাইয়ের কারাগারে। ছেলেকে মুক্ত করতে সব চেষ্টাই করছেন বলিউড বাদশাহ।
