রাত পেরোলেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার (১৭ অক্টোবর) গ্রুপ পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
শক্তি ও অভিজ্ঞতায় স্কটিশদের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। কিন্তু ওমান বা পাপুয়া নিউগিনির চেয়ে বাংলাদেশকে বড় করে দেখছেন না স্কটল্যান্ড কোচ শেন বার্গার।
টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থায় ৬। অন্যদিকে স্কটল্যান্ড আছে ১৪তম স্থানে। তারপরও আত্মবিশ্বাসী বার্গার।
সীমিত ওভারের এই ক্রিকেটে র্যাঙ্কিংয়ের পার্থক্য মাঠে কাজে আসবে না মনে করছেন তিনি। স্কটিশ কোচের মতে, টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দলের পার্থক্য খুব সামান্য।
বার্গার বলেন, ‘আমরা জানি, আমাদের ট্যাংকে কী আছে। আমরা যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তবে যে কোনো দলকে হারাতে পারি। সেটা বাংলাদেশ, ওমান বা পাপুয়া নিউগিনি— যে দলই হোক না কেন।’
সেরাটা খেলতে পারলে আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। সংক্ষিপ্ত এই ফরম্যাটে বড় দল-ছোট দলের মধ্যে ব্যবধান খুব একটা থাকে না। আমরা ঠিকমতো খেলতে পারলে যে কাউকে হারাতে পারব, সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি— যে দলই হোক না কেন।’
বাংলাদেশ সম্পর্কে স্কটিশ কোচ আরও বলেন, ‘গ্রুপ পর্বের ম্যাচে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে বাংলাদেশকে আমরা খুব বড় করে দেখছি না। এতটুকু বলতে পারি, গ্রুপে আমরাই ওদের বড় ও কঠিন প্রতিপক্ষ।’
আরব আমিরাত-ওমানে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। স্কটল্যান্ড ছাড়াও টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ— ওমান ও পাপুয়া নিউগিনি।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
