শৈলকুপায় সংঘর্ষে ৩৫ ব্যক্তি আহত, ৩০ বাড়ি ভাঙচুর

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:১১ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না ও বারইহুদা গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সেসময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি বাড়িঘর। গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার কামান্না ও বারইহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কামান্না গ্রামের রশিদ মেম্বর ও নাহিদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার রশিদ মেম্বারের ছেলে ফারদিনকে মারধর করে নাহিদ মোল্লার সমর্থক আমির হোসেনের ছেলে হামিদুর রহমান। এ ঘটনায় শুক্রবার বিকেলে হামিদুরের চাচাতো ভাই নাঈম হোসেনকে মারধর করে ফারদিন ও তার ভাই ফাহিম। পরে খবর পেয়ে পুলিশ ফাহিমকে আটক করে থানায় নিয়ে যায়।

মারধরের খবর গ্রামে ছড়িয়ে পড়লে নাহিদ মোল্লার সমর্থকরা রশিদ মেম্বারের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনার খবর পাশর্^বর্তী বারইহুদা গ্রামে পৌঁছালে ওই গ্রামের মোকাদ্দেস হোসেন ও নাসির মেম্বারের সমর্থকদের বাড়িতে হামলা চালায় দাউদ মেম্বার ও সানারউদ্দিনের লোকজন। সেখানেও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে ওই দুই গ্রামে সংঘর্ষ চলতে থাকে। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জান আহত হন। এসময় ভাঙচুর করা হয় অন্তত ৩০টি বাড়ি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত