ঝালকাঠিতে টিসিবির পণ্য বাজারে বিক্রি করায় ডিলারের দণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১:১২ এএম

ঝালকাঠিতে ট্রেড করপোরেশন বাংলাদেশ টিসিবির নিত্যপণ্য নির্ধারিত মূল্যে জন সাধারণের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রির অভিযোগে সিফাত এন্টারপ্রাইজের প্রপ্রাইটর কবির আহম্মেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত নয়টার দিকে কালোবাজারে নিত্যপণ্য বিক্রির অভিযোগে আটক করে তাকে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ হাছান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহম্মেদ হাছান বলেন, টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর রাতে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।  এ সময় শহরের একটি খুচরা মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মসুর ডাল ও ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

এ ঘটনায় ডিলার কবির আহম্মেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত