রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকা থেকে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস)-সহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিস্তারিত জানানো হয়েছে।
ইয়াবার থেকে অনেক গুন শক্তিশালী এ মাদক মানব মস্তিষ্কের নিউরনে ব্যাপক প্রভাব ফেলে আইস। সম্প্রতি এ মাদকের প্রাদুর্ভাব বেড়েছে, রাজধানীতে আটক হয়েছে একাধিক চালান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্ট, সেপ্টেম্বর ও চলতি অক্টোবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কেজি ২৭০ গ্রাম আইস উদ্ধার করে এবং একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করে। এরই ধারাবাহিকতায় টেকনাফ থেকে ‘ক’ শ্রেণির এ মাদকের একটি বড় চালান ঢাকায় প্রবেশ সম্পর্কে গোয়েন্দারা অবগত হন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) বিভিন্ন সার্কেলের সমন্বয়ে একাধিক টিম গঠন করে গত রবিবার বিকেল হতে পরদিন রাত পর্যন্ত ঢাকা মহানগরীর পল্লবী, উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে।
উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে দক্ষিণখান থেকে মো. জহিরুল ইসলাম সুমন (৪০) ও নুরুল ইসলাম (৩৩)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০০ গ্রাম আইস উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার সেক্টর-১ এলাকায় অভিযান পরিচালনা করে মো. মেজবাহ উদ্দিন ইমন (৩৩)-কে ২০০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সুমন দীর্ঘদিন যাবৎ জনশক্তি রপ্তানির কাজের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ কাজে সহযোগী ছিলেন উত্তরার ইমন। অন্যদিকে চট্টগ্রাম থেকে আসা নূরুল ইসলাম অনেক দিন ধরে টেকনাফ থেকে আইস ও ইয়াবা নিয়ে এসে ফকিরাপুলে আবাসিক হোটেলে অবস্থান করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
এ অভিযানে আসামিদের কাছ উদ্ধার করা ৫০০ গ্রাম আইসের আনুমানিক মূল্য পৌনে এক কোটি টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
