নাটোরে সোমবার রাতে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে।
নাটোর থানা-পুলিশ ও ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, নাটোর শহরের বাইপাস রোডের মার্কাজ মসজিদ এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেল এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তারেক (২৬) ঘটনাস্থলেই নিহত হয়।
একই মোটরসাইকেলে থাকা মো. রকিবুল ইসলামকে (২৬) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহত তারেক শহরের দিয়ারভিটা মহল্লার সোহরাব হোসেনের ছেলে এবং নিহত রকিবুল ইসলাম একই মহল্লার মো. নিঙ্গল প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।
নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রকিবুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পিকআপভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
নাটোর থানার ওসি মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পিকআপভ্যানের চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা করছে।
