জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন তার আরও ৪ জন। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন।
মঙ্গলবার বিকেলে এ ঘটনায় একই গ্রামের আব্দুল হাকিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত মইনুল সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও ঘাতক আব্দুল হাকিমও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাকিম দীর্ঘ দিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রবিবার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তার মা, এক ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে।
আরও জানা যায়, এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ওই দিন রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মইনুল মারা যান।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, থানায় মামলা হয়েছে ও পাঁচবিবির উচনা থেকে মঙ্গলবার বিকেলে আসামি হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে ।
