হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও ৪ মামলা, আটক ২৯

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৪:২২ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা-সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় এজাহারভুক্ত ৭ জনসহ আসামি করা হয়েছে অজ্ঞাতনামা প্রায় পাঁচ হাজার জনকে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৯ জন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে ঘটনার তদন্তে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা হয়নি। সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়েছে তদন্ত দল।

বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটিকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় চেয়েছে। তদন্তে স্বার্থে তাদেরকে আরও সময় দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে।

এর মধ্যে প্রথমেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুই হাজার থেকে ২২শ’ জনকে আসামি করে দুটি করে মামলা দায়ের করে। পরবর্তীতে গত কয়েক দিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও আটটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ মামলা হয়েছে ২০ অক্টোবর বুধবার। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারশ’ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

কুমিল্লার ঘটনার জের ধরে গত বুধবার (১৩ অক্টোবর) রাতে হাজীগঞ্জ বাজারে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের পর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ৩জন, পরদিন কুমিল্লা মেডিকেলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত