হিলিতে মোটরসাইকেলের হেডলাইটের ভেতরে পাচার হচ্ছিল ৪টি স্বর্ণের বার

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০:৩৭ এএম

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে মোটরসাইকেলের হেডলাইটের ভেতরে করে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৪ পিস স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ নজরুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার দিবাগত রাতে হিলি সীমান্তের ২৮৬নং মেইন পিলারের ১৪নং সাবপিলার সংলগ্ন রায়ভাগ এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। তিনি ওই গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, গোপন সূত্রে জানতে পারি যে একটি মোটরসাইকেলযোগে স্বর্ণ নিয়ে এক চোরাকারবারি ভারতের দিকে যাবে। সেই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেয় বিজিবি।

এ সময় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে রায়ভাগ সীমান্তের কাঁচা রাস্তার দিকে আসলে বিজিবি থামার সংকেত দেয়।

সংকেত পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ নজরুল ইসলামকে হাতেনাতে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলের হেডলাইটের গ্লাসের ভেতর থেকে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ রতি কম ৪০ ভরি ৪৬৬ গ্রাম। বিজিবি কর্তৃক নির্ধারিত সোনার সিজার মূল্য ২৭ লাখ ৯৭ হাজার ৫৯৮ টাকা।

এ ছাড়া তার কাছ থেকে ৪টি সিমসহ ২টি মোবাইল উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৩০ লাখ ৩৯৮ টাকা। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত